নোয়াখালী প্রতিনিধি | ডে-নাইট নিউজ নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। শনিবার রাতে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তাঁর বাম পা ও উরুতে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টার লাগিয়েছিলেন। তাঁর একাধিক ছেলে বর্তমানে প্রবাসে রয়েছেন।
শনিবার রাতে বাড়ির পাশের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে বসেছিলেন জামাল উদ্দিন। এ সময় মোটরসাইকেলে করে কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাম পা ও উরুতে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুই ব্যক্তি এসে ওই বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালায়। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে
পাঠকের মন্তব্য
আপনার মতামত লিখুন এবং অন্য পাঠকদের সঙ্গে আলোচনা করুন।
সাম্প্রতিক মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই
এই সংবাদে প্রথম মন্তব্যটি আপনিই করুন।