প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
স্ত্রীকে উত্ত্যক্তের জেরে হত্যা জয়পুরহাটে ২৩ বছর পর একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি নামের এক ব্যক্তিকে হত্যার ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি স্ত্রী তাঁর স্বামী ও পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে মোজাম দিলীপকে মারধর করেন। এর জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী মোজাম এক সহযোগীকে নিয়ে ঘরে ঢোকেন। তাঁরা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে দিলীপ ঘরে ফিরলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে দিলীপের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরে পুলিশের তদন্তে হত্যার সত্যতা বেরিয়ে আসে।এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ