আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য রক্ষায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পশ্চিম দেওগ্রামে বসেছিল দিনব্যাপী ঐতিহ্যবাহী লাঠি খেলা ও গ্রামীণ মেলা।
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার বিজয়া দশমীর তিন দিন পর পশ্চিম দেওগ্রামের এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় দেড় শ বছর ধরে চলে আসা এই মেলা ও লাঠি খেলা এখন এখানকার মানুষের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
লাঠি খেলার পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ পণ্যের বিশাল বাজার। বাঁশ, কাঠ, লোহা ও মাটির তৈরি গৃহস্থালি নানা সামগ্রী মানুষের নজর কাড়ে। এছাড়া শিশুদের বিভিন্ন খেলনা এবং কসমেটিকসের দোকানও বসেছে। মেলার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রকমারি মিষ্টির দোকান; বিশেষ করে স্থানীয় বিভিন্ন মিষ্টি ও চিনির শাহী জিলাপি কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা।
শুধু লাঠি খেলাই নয়, এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। মেলার দিনটিকে ঘিরে আশপাশের কয়েকটি গ্রামের প্রতিটি বাড়িতে চলে উৎসবের প্রস্তুতি। মেলাকে কেন্দ্র করেই মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়ার পুরনো রীতি ধরে রেখেছেন স্থানীয়রা।
গ্রামের নব্বই বছর বয়সী প্রবীণ বাসিন্দা মোজাম্মেল হক বলেন, “ছোটবেলা থেকেই আমাদের গ্রামে লাঠি খেলার এ মেলা দেখে আসছি। মেলার দিন গ্রামের রীতি অনুযায়ী আত্মীয়-স্বজনদের খই, মুড়ি, নাড়ু ও মাংস-ভাত দিয়ে আপ্যায়ন করা হয়।"
স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম বলেন, “অন্য কোনো উৎসবে জামাই-মেয়ে বা আত্মীয়-স্বজনদের দাওয়াত না দিলেও সমস্যা নেই। কিন্তু পূর্বপুরুষদের রীতিনীতি অনুযায়ী লাঠি খেলার এই মেলায় তাদের দাওয়াত দেওয়া চাই-ই চাই।”
আরেক স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, মেলাকে কেন্দ্র করে তাঁদের সবারই একটি আলাদা বাজেট থাকে। ঈদের চেয়েও তাঁরা এ মেলা উপলক্ষে বেশি আনন্দ করেন। নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে আত্মীয়-স্বজনের সমাগমে বাড়িগুলো মুখর হয়ে ওঠে।
কথা হয় মেলাস্থল নানাবাড়িতে বেড়াতে আসা কালাই পৌর শহরের লাবলুর সঙ্গে। তিনি বলেন, “এ মেলা আমাকে কিছুক্ষণের জন্য হলেও আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। পুরো পরিবারকে নিয়ে নানাবাড়িতে বেড়াতে আসার আনন্দই আলাদা।”
বিনা পারিশ্রমিকে কেবল পূর্বপুরুষদের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ খেলা চালিয়ে যাচ্ছেন লাঠিয়ালরা। তবে আগামী দিনে এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আয়োজক ও প্রবীণরা।
১৯৮০ সাল থেকে লাঠি খেলা চালিয়ে যাওয়া বয়োবৃদ্ধ লাঠিয়াল সহিদুল ইসলাম বলেন, “আমার বাপ-দাদারা লাঠি খেলা করেছেন, তাঁদের কাছ থেকেই আমি এটি শিখেছি। আমাদের লাঠি খেলা দেখে লোকজন আনন্দ পায়, এটাই আমাদের বড় প্রাপ্তি।”
তরুণ লাঠিয়াল স্বাধীন হোসেন বলেন, “আমার বাবা লাঠি খেলতেন, তাঁর কাছ থেকেই আমার এই পেশা বা শখের শুরু। লাঠি খেলা করতে আমার ভীষণ ভালো লাগে।”
দেওগ্রাম লাঠি খেলা মেলা কমিটির সদস্য আজিজার রহমান বলেন, “দেড় শ বছরেরও বেশি সময় ধরে আমাদের এই মেলা হয়ে আসছে। মেলার মূল আকর্ষণ ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষের সমাগম ঘটে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আমরা সবসময় সচেষ্ট আছি।”
শনিবারের এই লাঠি খেলা ও মেলার মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও স্থানীয় রীতি অনুযায়ী এর রেশ থাকবে আরও কিছুদিন। দুপুরের পর পর্যন্ত মেলা প্রাঙ্গণে কেনাকাটা ও দর্শনার্থীদের ভিড় বজায় থাকে। শতাব্দীপ্রাচীন এই গ্রামীণ মেলা ও লাঠি খেলা জয়পুরহাটের গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য প্রতীক হয়ে আজও টিকে রয়েছে।
মন্তব্য করুন