ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণ অনিশ্চয়তায় পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। যাঁদের এসব ফ্লাইটে ভ্রমণের কথা ছিল, তাঁদের পরবর্তী যাত্রার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ও বেবিচক
মন্তব্য করুন