
ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান ও বার্তা জানাতেই তিনি দিল্লি গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এর আগে সোমবার রাতে ঢাকা থেকে বিমানে দিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী। তবে তার এ সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় হাইকমিশনার, যিনি রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে দিল্লি সফরের সময় তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে এ সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
এ ছাড়া শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অস্বস্তির কারণ হয়ে আছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।
অন্যদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে।
ফলে সম্ভাব্য প্রধানমন্ত্রীর ভারত সফর, প্রত্যর্পণ ইস্যু ও গঙ্গা চুক্তির নবায়নসহ দ্বিপক্ষীয় নানা বিষয় দীনেশ ত্রিবেদীর দিল্লি সফরে আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।