
ডে-নাইট নিউজ | অর্থনীতি ডেস্ক দেশে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে। তবে একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হার। ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয়ের প্রবৃদ্ধি হয়েছে তুলনামূলক কম।
বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে বিবিএস।
বিবিএসের হিসাবে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৩০ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
গ্রামীণ এলাকাতেও মূল্যস্ফীতির হার বেড়েছে। সেপ্টেম্বরে সেখানে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ১৮ শতাংশ হয়েছে।
শহরাঞ্চলে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। এ সময়ে শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশে উঠেছে।
এদিকে মূল্যস্ফীতি বাড়লেও জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।
খাতভেদে সেপ্টেম্বরে কৃষিতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্পে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।
দেশের ৬৪ জেলার ১৪৩টি হাট-বাজার থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।