
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। আটক দুজনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। তাঁদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে কথা বলছেন। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই সদস্যের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং অন্যজন কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁরা উপজেলার আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালাতে যান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন। পরে কনস্টেবলকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। এরপর সেখানে বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়।
ঘটনার পর থেকে আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে