
নিজস্ব প্রতিবেদক | ডে-নাইট নিউজ ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সংগঠনটির ‘হাত বাড়াই মানবতার টানে’ স্লোগানকে সামনে রেখে নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি এ রোগের সংক্রমণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।
প্রচারণাকালে সংগঠনের নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ফুলের টব, টবের নিচের প্লেট, বালতি, ড্রাম ও পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
এ ছাড়া মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে মশারি ব্যবহার, জানালায় নেট লাগানো এবং উপযুক্ত মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু সন্দেহে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার বিষয়েও সতর্ক করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক রোগ। তবে সাধারণ মানুষ সচেতন হলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসুক।”
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, “ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে, সেদিকেও নজর দিতে হবে।”
সিনিয়র সহসভাপতি মো. বশির আহমেদ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিরাই এ রোগের কষ্ট সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তাই প্রতিরোধে সবাইকে আগে নিজে সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
কার্যনির্বাহী সদস্য ভূঁইয়া কাজল বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। দেশের মানুষ সচেতন হলে এবং অন্যদের সচেতন করতে এগিয়ে এলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে মানবিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন, উপদেষ্টা সানোয়ার খান, উপদেষ্টা বাবু, সিনিয়র সহসভাপতি মো. বশির আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, কার্যনির্বাহী সদস্য ভূঁইয়া কাজল, শিক্ষা ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মো. সোলায়মানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগের মাধ্যমে জালকুড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও সতর্কতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে