প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
জয়পুরহাটে যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট শহরের তীব্র যানজট নিরসন, নাগরিক সমস্যার সমাধান এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান (চন্দন)।
শহরের চিনিকল সড়কের ‘মধুমিতা’ রেস্তোরাঁয় এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওবায়দুর রহমান জয়পুরহাটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, যানজটসহ জয়পুরহাটের বিদ্যমান সব নাগরিক সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে জেলার নানা সামাজিক ও নাগরিক সমস্যা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মুক্ত আলোচনায় সাংবাদিকরা জয়পুরহাটের বর্তমান নাগরিক দুর্ভোগ ও সম্ভাবনার নানা দিক বিএনপি নেতার সামনে তুলে ধরেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি বিপুল কুমার সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ