
জয়পুরহাট প্রতিনিধি পূর্বশত্রুতার জেরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে তিন কৃষকের বেগুনক্ষেতে ঘাস মারা বিষ (আগাছানাশক) প্রয়োগ করে গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে খেতগুলোতে বিষ প্রয়োগ করায় প্রায় ৪২ শতাংশ জমির বেগুনগাছ মরে যাচ্ছে। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষকেরা।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়তারা গ্রামের কৃষক মো. মামুনুর রশীদ, আমজাদ হোসেন ও আবু হেনার স্ত্রী জুলেখা বেগমের ক্ষেতের বেগুনগাছগুলো নেতিয়ে পড়েছে। কৃষকদের দেওয়া তথ্যমতে, ক্ষেতগুলোতে প্যারাকোয়াট জাতীয় ঘাস নিধন বিষ প্রয়োগ করা হয়েছে। এতে মামুনুর রশীদের ১২ শতাংশ, আমজাদ হোসেনের ২০ শতাংশ এবং জুলেখা বেগমের ১০ শতাংশ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ হোসেন বলেন, ‘গাছে সবেমাত্র বেগুন ধরা শুরু করেছিল। জমিতে সেচ দিয়ে রাতে বাড়িতে যাই। সকালে এসে দেখি, রোদের আলোয় গাছগুলো নেতিয়ে পড়ছে। বুঝতে পারি কেউ বিষ প্রয়োগ করেছে। এরপর পানি ছিটিয়েও গাছগুলো বাঁচানো যাচ্ছে না।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
আরেক কৃষক মামুনুর রশীদ আক্ষেপ করে বলেন, ফসলের পেছনে বিনিয়োগ করা তাঁর সব অর্থ ও শ্রম বিফলে গেল। জুলেখা বেগম বলেন, ‘যাঁরা আমাদের ফসলের ক্ষতি করেছেন, আল্লাহ তাঁদের বিচার করবেন।’
স্থানীয় বাসিন্দা সাহারুল ইসলাম বলেন, মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু ফসলের সঙ্গে এমন ঘৃণিত কাজ মেনে নেওয়া যায় না।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেতগুলো পরিদর্শন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ দত্ত। তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে তাঁদের সাধ্যমতো সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, কৃষকদের ফসলে বিষ প্রয়োগের খবরটি তাঁরা পেয়েছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।