প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
নারায়ণগঞ্জ যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী নেতৃত্বের প্রত্যাশায় তৃণমূল

ডে নাইট নিউজ :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, নতুন নেতৃত্ব নির্বাচনে ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে প্রাধান্য দিতে হবে।
দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম চলায় নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বেড়েছে। সম্ভাব্য পদপ্রত্যাশীরাও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন। আগামী ২৭ ও ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরেও তাঁদের সক্রিয়তা দেখা যাচ্ছে।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল জানিয়েছেন, নতুন কমিটি গঠনের কোনো প্রক্রিয়া চলছে কি না, তা তাঁর জানা নেই।
নেতৃত্ব নির্বাচনের বিষয়ে কেন্দ্রই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
অন্যদিকে যুবদল নেতা মশিউর রহমান রনি বলেন, আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকা কেন্দ্রীয় নেতৃত্বের জানা রয়েছে। সংগঠনের গতিশীলতা বাড়াতে কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে, তা কেন্দ্রীয় নেতারাই নির্ধারণ করবেন।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল।
নতুন কমিটি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও তৃণমূলের প্রত্যাশা, এবার নেতৃত্ব নির্বাচনে শুধু প্রভাব বা কর্মীসমাগম নয়, বরং ত্যাগী, পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতাদেরই মূল্যায়ন করা হবে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ