
অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির।
বক্তব্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথ দেশগুলোকে আরও কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে একটি সমন্বিত কাঠামো তৈরির আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটের বিষয়ে হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে