প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
কালাইয়ে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে বিএনপি নেতার কর্মী সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী এক বিএনপি নেতার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ পাঁচগ্রাম (দামপাড়া) এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
পুনট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ওই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল বারীক প্রামাণিক এবং সঞ্চালনা করেন আবদুল মোমেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মোশতাক আহমাদ সিদ্দিকী রিপন।
সমাবেশে নেতা–কর্মীদের উদ্দেশে মোশতাক আহমাদ সিদ্দিকী রিপন বলেন, ‘আজকের কর্মী সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আমার জনপ্রিয়তার বড় প্রমাণ। আমি অতীতে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। দলের জন্য কাজ করতে গিয়ে অতীতে বিভিন্ন সময় হামলা ও হয়রানিমূলক রাজনৈতিক মামলার শিকার হয়েছি। আমি বিশ্বাস করি, দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, কর্মকাণ্ড ও বর্তমান জনপ্রিয়তার মূল্যায়ন করে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।’
দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পুনট ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পুনট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজ্জাকুল হায়দার, কালাই উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক আবদুল মোমেন, সাবেক বিএনপি নেতা আমিনুর ইসলাম, বিএনপি নেতা সানোয়ার হোসেনসহ অন্যরা।
এ ছাড়া সমাবেশে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ