জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে ২৫টি ট্যাপেন্টাডল বড়ি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মামুনুর রশীদমুকুল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মামুনুর রশীদের বাড়ি ওই গ্রামেই। তাঁর বাবার নাম মনসুর আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে হিন্দা বজরবরাহী গ্রামে মামুনুরের বাড়িতে অভিযান চালায় ক্ষেতলাল থানার পুলিশ। এ সময় তাঁর বাড়ির পুকুরপাড়ে একটি একচালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে একটি রামদা, দুটি চাপাতি, একটি সামুরাই, একটি ছুরি, একটি শূল, একটি হাতুড়ি, একটি লোহার শাবল, দুটি লোহার চিমটা, পাঁচটি প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ছেনি, ১৪টি ডাল রেঞ্চ, চারটি এল রেঞ্চ, একটি ধারালো চাকু, ২৫ পিস ট্যাপেন্টাডল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুকুরপাড়ের ওই টিনের ঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।