
অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় সব মিলিয়ে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে। শেষ দিনে মাত্র ১০ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
দিনের এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করে ক্যারিবীয়রা। ফলে ম্যাচ জিততে শেষ দিনে ৭৮ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান। টেস্ট ক্রিকেটের প্রেক্ষাপটে যা বাংলাদেশের জন্য বেশ কঠিন এক চ্যালেঞ্জ।
এই লক্ষ্য পেরিয়ে জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ এর আগে টেস্টে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের নজির রয়েছে টাইগারদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেই জয় পেয়েছিল বাংলাদেশ।
৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করতে সক্ষম হন তিনি। সব মিলিয়ে ১৭টি চার ও একটি ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন এই ব্যাটার।
এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে শামার জোসেফও বেশিক্ষণ টিকতে পারেননি। নাঈম হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
তবে আট নম্বরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন জশুয়া বিশপ। একটি চার ও দুটি ছক্কায় মাত্র ১১ বলে ২০ রান করেন তিনি। অন্য প্রান্তে ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
এখন শেষ দিনের খেলায় ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে, সেটিই দেখার অপেক্ষা।