
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আজ সোমবার দুপুরে আমিনুল ইসলাম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ কারণে ৮ নভেম্বর থেকে তাঁকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’
এর আগে গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ওই আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটে। বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করলে উপস্থিত কয়েকজন এর তীব্র প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় জয়পুরহাটের জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক নীরব ছিলেন—এমন অভিযোগ তুলে তারা এই আলটিমেটাম দেয়।