
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর করা নির্যাতনের অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা।
ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বামীর পরিবারের বিরুদ্ধে এসব অভিযোগ করেছিলেন তাঁর সাবেক স্ত্রী আমেনা খাতুন।
সাবেক স্বামী রাশেদুল ইসলাম উপজেলার হিন্দা কসবা এলাকার মোতালেব হোসেনের ছেলে। তিনি জানান, চলতি বছরের ১০ জানুয়ারি উপজেলার জালিয়াপাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে আমেনার সঙ্গে প্রেমের সম্পর্কে তাঁদের বিয়ে হয়। এক লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়েছিল। রাশেদুলের দাবি, বিয়ের পর আমেনা তাঁর বাড়িতে মাত্র একবার গিয়ে প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন। পরে তাঁরা দুজন বগুড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
রাশেদুল বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে তাঁকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতো। এ সময় পারিবারিক নানা বিষয় এবং মুঠোফোনে অন্যদের সঙ্গে আমেনার যোগাযোগ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দাম্পত্য সম্পর্কের চরম অবনতি হলে আইনি ও শরিয়াহ মোতাবেক গত ৩০ আগস্ট তিনি স্ত্রীকে তালাক দেন। এ সময় দেনমোহরসহ স্ত্রীর যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাশেদুল ইসলাম আরও বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে অশান্তি তৈরি হয়। আমার মা-বাবার সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো ছিল না। পরে বাধ্য হয়ে দেনমোহরসহ যাবতীয় পাওনা পরিশোধ করে তাঁকে তালাক দিই।’
তিনি বলেন, ‘৮ নভেম্বর ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমার ও পরিবারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
রাশেদুলের বাবা মোতালেব হোসেন বলেন, ছেলে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর পুত্রবধূ তাঁদের বাড়িতে মাত্র একবার এসেছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেছিলেন। এরপর তিনি ছেলের সঙ্গে বগুড়ায় চলে যান। অথচ সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে নির্যাতনের যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি বানোয়াট।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক স্ত্রী আমেনা খাতুনের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।