
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ করেই গড়ে উঠেছে বাহারি নামের 'মালাই চা'-এর দোকান। আর এসব দোকানকে কেন্দ্র করে কিশোর গ্যাং, মাদকাসক্ত ও বখাটেদের জমজমাট আড্ডাখানা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। একসময় গ্রামের চায়ের দোকানগুলো প্রবীণ ও সাধারণ মানুষের খোশগল্প বা খবরের কাগজ পড়ার নিরাপদ স্থান হলেও, বর্তমানের এই মালাই চায়ের আড্ডাগুলো অপরাধের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে ঘুরে কমলনগর উপজেলার অন্তত ১০টি মালাই চায়ের স্পটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রিজ সংলগ্ন 'মালাই বাড়ি রেস্টুরেন্ট'।
হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার কবরস্থান সংলগ্ন 'মালাই বাড়ি চায়ের আড্ডা'।
চরজাঙ্গালিয়া ৫ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া ও ৭ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা আশ্রয়প্রকল্প।
চরফলকন ইউনিয়নের হাজিরহাটের দক্ষিণ মাথা এবং তোরাবগঞ্জ বাজারের পশ্চিম পাশের 'মালাই চায়ের গল্প'।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব স্থানে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের ব্যাপক পদচারণায় মুখর থাকে।
আকর্ষণীয় পরিবেশ, ধোঁয়া ওঠা মালাই চা, নান্দনিক আলোকসজ্জা এবং তরুণদের রুচিসম্মত সাজসজ্জার কারণে এসব স্পট দ্রুত কিশোর-কিশোরী ও যুবকদের আকর্ষণ করছে। তবে অভিযোগ রয়েছে, এসব আড্ডাখানা থেকে ইভটিজিং, উচ্চস্বরে গান বাজানো, অশালীন কথাবার্তা এবং পথচারীদের উত্ত্যক্ত করার মতো ঘটনা ঘটছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রিজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে। সেখানে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নাগরদোলা, ঘোড়া স্ট্যান্ডসহ বিভিন্ন মেলার দোকানপাট বসিয়ে নানা অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের মতে, চায়ের আড্ডা দিয়ে শুরু হলেও কালক্রমে কোমলমতি শিশুরা ধূমপান এবং পরবর্তীতে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার মতো মারাত্মক মাদকের দিকে ধাবিত হচ্ছে। ছোটখাটো চুরি, মারামারি এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব দোকান থেকে বিভিন্ন গ্যাং বা গ্রুপ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
ফজুমিয়ারহাট এলাকার অন্তত ২০ জন অভিভাবক জানান, অবাধ আড্ডা ও অসৎ সঙ্গের কারণে স্কুল-কলেজপড়ুয়া শিশু-কিশোরেরা অপরাধপ্রবণতার দিকে ঝুঁকছে। স্থানীয় বাসিন্দা ইসমাইল, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদ জানান, বাজারের বাইরে ভুলুয়া নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে তরুণ-তরুণীদের প্রচণ্ড ভিড় থাকে। বাইরে থেকে সাধারণ চায়ের দোকান মনে হলেও এর আড়ালে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে এলাকাবাসী চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুজন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব আড্ডার কারণে আশপাশের বসতবাড়ির মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নারী ও শিক্ষার্থীরা চলাচলে অস্বস্তির মুখে পড়ছেন।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, "মালাই চায়ের আড্ডার নামে এগুলো মূলত বখাটেদের আসর। এসব অবৈধ আসর বন্ধে পুলিশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজজামান বলেন, "বিষয়টি খতিয়ে দেখে এসব অসামাজিক কার্যকলাপ দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।"
দ্রুত এসব আড্ডাখানা ও অবৈধ মেলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের সামাজিক বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।