প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস বর্জন ও বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকদের বেতন কাটার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সুপার ছফির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার শিক্ষকেরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। এতে ক্লাস বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদ্রাসাটিতে এ অবস্থা চলে।
মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নাইমা ইয়াসমিন ও সাদিয়া বলে, ‘দুপুর থেকে আমাদের ক্লাস বন্ধ। আমরা শুনেছি, সুপার শিক্ষকদের বেতন কেটে দিয়েছেন। এ কারণে শিক্ষকেরা ক্লাস বর্জন করেছেন।’ তারা দ্রুত ক্লাস চালুর পাশাপাশি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানায়।
মাদ্রাসার সহকারী মৌলভী তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, দশম শ্রেণির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ২১ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন অকৃতকার্য হয়েছে। এই অজুহাতে সুপার শিক্ষকদের বেতন থেকে ৭ হাজার থেকে শুরু করে ১৮ হাজার টাকার বেশি কেটে নিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার ছফির উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা পাস করলে শিক্ষকেরা শতভাগ বেতন পাবেন। আর পাস না করলে বিধি মোতাবেক বেতন বন্ধ বা কর্তন করা হবে।’
এদিকে ক্লাস বর্জনের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান। তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠানো হয়েছে। শিক্ষকদের বেতন কর্তনের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানপ্রধানসহ শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
এ বিষয়ে কালাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, শিক্ষকদের ক্লাস বর্জনের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ