সূর্য আহমেদ মিঠুন: সময়ের সঙ্গে বদলে যাচ্ছে নাটক নির্মাণ ও প্রচারের মাধ্যম। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে নাটকের বিস্তৃতি ঘটেছে ওটিটি, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের নাম পরিবর্তন করেছে দেশের নাট্যকারদের সংগঠন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’। এখন থেকে সংগঠনটির নতুন নাম ‘স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।
গত ৭ নভেম্বর শনিবার বিকেল ৫টায় রাজধানীর নিকেতনে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাট্যকার আফরিন জেসিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সভার আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল এবং নাট্যকার বিদ্যুৎ রায়।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন বলেন, বর্তমানে নাট্যকারদের কাজের ক্ষেত্র কেবল টেলিভিশনে সীমাবদ্ধ নেই। ওটিটি, ইউটিউব, ফেসবুকসহ নানা ডিজিটাল মাধ্যমে তাদের সৃজনশীল কাজ ছড়িয়ে পড়ছে। এ বাস্তবতায় ‘টেলিভিশন নাট্যকার সংঘ’ নামটি সংগঠনের ব্যাপ্তি ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করছিল।
তিনি জানান, টেলিভিশন, ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা সব নাট্যকার ও স্ক্রিন রাইটারকে একই ছাতার নিচে নিয়ে আসাই নতুন নামকরণের মূল লক্ষ্য। এর মাধ্যমে সব মাধ্যমের লেখকদের জন্য একটি অভিন্ন ও শক্তিশালী পেশাগত পরিচয় প্রতিষ্ঠা করতে চায় সংগঠনটি।
সভায় সংগঠনের নতুন কমিটির কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন। এ ছাড়া সংগঠনের প্রস্তাবিত নতুন গঠনতন্ত্র পাঠ করে শোনান নাট্যকার মনসুর রহমান চঞ্চল। নতুন নাম, গঠনতন্ত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় উপস্থিত নাট্যকারদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
সভাপতির বক্তব্যে নাট্যকার শিহাব শাহীন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নাট্যকারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, কপিরাইট আইনের আওতায় তাদের স্বার্থ ও মেধাস্বত্ব সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সৃজনশীল কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে নতুন কমিটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত নাট্যকাররা পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের সব মাধ্যমের নাট্যকার ও স্ক্রিন রাইটারদের পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, নাম পরিবর্তনের মধ্য দিয়ে সংগঠনটি সময়ের দাবি ও বিনোদনশিল্পের পরিবর্তিত বাস্তবতাকে ধারণ করার পথে এগিয়ে গেল। টেলিভিশনের প্রচলিত পরিসর ছাড়িয়ে ডিজিটাল দুনিয়ার লেখকদেরও একই পেশাগত পরিচয়ে ঐক্যবদ্ধ করার এই উদ্যোগ দেশের স্ক্রিন রাইটিং পেশার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।