
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা নাশকতার জন্য নয়, মূলত পিকনিক করতে সেখানে জড়ো হয়েছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরীও রয়েছেন।
পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
তবে আসামিদের স্বজনেরা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিরা পিকনিক করতে সেখানে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আনা নাশকতার অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্কেলপুর থানার হাজতে পর্যাপ্ত জায়গা না থাকায় রাতেই তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।