নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ কবরস্থান এলাকায় কাঁচাবাজার করে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান তালুকদার (৪৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তালুকদার বাসা থেকে বাজার করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
এ সময় স্থানীয় জনতা ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত হাসান তালুকদারের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি এলাকায়। তার পিতার নাম আবদুস সোবহান তালুকদার। তিনি দুই সন্তানের জনক।