ডে-নাইট নিউজ | আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ ঘিরে দীর্ঘ ৩২১ দিনের অভিযান শেষে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বন্দরে ফিরেছে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রণতরিটি নিজ ঘাঁটিতে পৌঁছায়।
এর আগে বুধবার সমুদ্রে অবস্থানরত রণতরিটি পরিদর্শন করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সময় নাবিকদের উদ্দেশে তিনি বলেন, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এমন কিছু কাজ সম্পন্ন করেছে, যা আগে অন্য কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ করেনি।
প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে গত বছরের নভেম্বরে সান ডিয়েগোর মূল বন্দর থেকে প্রশান্ত মহাসাগরের উদ্দেশে যাত্রা করে রণতরিটি। পরে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।
দীর্ঘ সময়ের এই অভিযানে রণতরিটির সদস্যদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ মোতায়েনের সময় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথাও উঠে এসেছে। এসব পরিস্থিতি নাবিকদের মনোবল ও মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।
দীর্ঘ অভিযান শেষে রণতরিটি নিজ ঘাঁটিতে ফিরে আসায় এর নাবিক ও মেরিন সেনাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্য করুন