বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা
ডে-নাইট নিউজ | স্পোর্টস ডেস্ক জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা। ফলে মেসির শেষ ম্যাচে গোলহীন প্রথমার্ধের পর অপেক্ষা বাড়ছিল সমর্থকদের। বিরতির পর অবশ্য দ্রুতই বদলে যায় ম্যাচের চিত্র।
দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মেসির কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্দি। ডান প্রান্ত থেকে মেসির নেওয়া কর্নারে কাছ থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার। এই অ্যাসিস্টের মাধ্যমে জাতীয় দলের হয়ে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে।
এর ১৩ মিনিট পর আবারও গোলের নেপথ্যে মেসি। ৬১তম মিনিটে বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার ব্যবধান ২-০ করেন পাজ।
দুটি গোলে অবদান রাখার পর এবার নিজেই গোলের খাতায় নাম লেখান মেসি। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। এক মিনিট পর স্পট কিক থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের কোণে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
মেসির গোলের পর সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে উদ্যাপনে মেতে ওঠেন। গ্যালারিতেও তখন আবেগের ঢেউ। প্রিয় তারকার বিদায়ী ম্যাচে গোল দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।
ম্যাচের ১০ মিনিটেও দেখা যায় বিশেষ এক আবেগঘন দৃশ্য। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে রেফারি খেলা থামিয়ে দেন। এ সময় পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানায়। মেসিও হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এক গোল ও দুই অ্যাসিস্টে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রেখে জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন লিওনেল মেসি।
মন্তব্য করুন