ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে ‘পতিত সরকারের দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, এসব পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে বিভিন্নভাবে অপতৎপরতা চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের স্বার্থে কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভী।
ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, আগে থেকেই সচেতনতা বাড়ানো গেলে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার ও প্রশাসন—সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রিজভী আরও জানান, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার কথাও জানান তিনি।
মন্তব্য করুন