ডে-নাইট নিউজ | ঢাকা প্রতিনিধি রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প, ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ থেকে ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযানে ২ হাজার ৬০০টি জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার এবং বিভিন্ন ধরনের খালি মোড়ক, বোতল ও লেবেল তৈরির সরঞ্জাম।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন