লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮টি ইউনিয়ন ভূমি অফিস প্রতি ৬০হাজার থেকে ২লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করছেন অডিট কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম। চাহিদা মতো ঘুষ প্রদান না করলে অডিট আপত্তির হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাগণ।
ঘুষ দিতে আপত্তি করায় রাতের আঁধারে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের নিয়ে দুই দফা সমঝোতা বৈঠক করেছেন তিনি। দাবি না মানলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের লক্ষ্মীপুর জেলার হিসাব তত্বাবধায়ক মো. মনঞ্জুরুল আলম। গত অর্থ বছরেও জেলার ভূমি অফিসগুলো থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
সংগ্রহীত সিসি টিভি ফুটেজে দেখা যায় জেলা শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় একটি একতলা ভবনে চলতি মাসের পাঁচ তরিখ সন্ধ্যা ৭টা থেকে রাত নয়টা এবং ছয় তারিখ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অডিট কর্মকর্তা মো. মনঞ্জুরুল আলম। এ বৈঠকে তাঁর ঘুষের চাহিদা ও সে আলোকে সবাইকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে দুএকজন নিজ অফিসের বাস্তবতা তুলে ধরে নিজের অসহায়ত্ব প্রকাশ করে আবেদন করেন। এতে তিনি তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত চাহিদা ও মোটা অংকের অডিট আপত্তির হুমকি দেন। বিষয়টি অডিও রেকর্ডেও শুনা যায়।
এরই মাঝে ৭অক্টোবর একটি ইউনিয়ন ভূমি অফিসে অডিট করে নগদে ৬০হাজার টাকা নিয়ে অন্য অফিসে গিয়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অডিট না করেই এক সহযোগীকে নিয়ে সটকে পড়েন এ কর্মকর্তা। তবে ১১অক্টোবর থেকে অডিটের নামে আবারও পূর্বের ন্যায় ঘুষের জন্য চাপ দিচ্ছেন ভূমি কর্মকর্তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কুমিল্লা উত্তর এর অডিট সুপারিন্টেন্ডেন্ট থাকা কালীন তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির একাধিক নেতা জানান, অফিস প্রতি ৬০হাজার থেকে ২লক্ষ টাকা পর্যন্ত চাহিদা দিয়েছেন অডিট কর্মকর্তা। অনেক অনুরোধ করেছি কিন্তু তিনি সিদ্ধান্তে অটল। তার চাহিদা মতো ঘুষ নেন, না দিলে অডিট আপত্তি দিয়ে হয়রানি করেন। আমরা অসহায়, আমাদের কিছুই করার নেই।
অভিযুক্ত অডিট কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম, ভূমি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক ও ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, হ্যাঁ আমি নেই, তবে তারা যতো বলেছেন, আসলে ততোটা না। এখানে অনেক বিষয় আছে, আমার ক্ষতি করে কি লাভ, আমার সাথে সম্পর্ক রাখুন, আপনারাও অনেক সুবিধা পাবেন।