অনলাইন ডেস্ক জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা সমুন্নত রেখে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষাব্যবস্থা সময়োপযোগী করা এবং সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের আত্মত্যাগের প্রতীক। এই পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখা প্রত্যেক সৈনিকের দায়িত্ব।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি এর শক্তি, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা এবং জনগণের আস্থা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনানিবাসে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।
পরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেন।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে
মন্তব্য করুন